তাপসের জ্ঞান তপস্যা কি থেমে যাবে?
যে ঘরে তিনি থাকেন, সেখানে তাদের গরুও রাখতে হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৫তম স্থান করে নেন কেশব চন্দ্র তাপস। প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া এ তরুণের সাফল্য এলাকায় সাড়া ফেললেও মুখ গোমড় করে থাকতে হচ্ছে তাকে।
অর্থের অভাবে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাতছাড়া হয় তাপসের। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তিনি ভর্তি হয়েছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। তবে টাকার অভাবে এখনও ক্লাসে যোগ দিতে পারেননি তিনি।
তাপস লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের অনিল চন্দ্র ও অঞ্জলি রানীর ছেলে। বাবা অনিল চন্দ্র একজন দিনমজুর। তার আয়ে কোনোরকম দিন চলে যায় পরিবারটির।
তাপসের মা অঞ্চলি রানী ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে একরকম শয্যাশায়ী। সেই কারণে রান্নার কাজও সারেন তাপসই।
সম্প্রতি তেতুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, তাপসদের বাড়িতে দুটি টিনের ঘর। সেই ঘরেও ঠিকমতো বেড়া নেই। এ কারণে শীতে বিছানাপত্র ও গায়ের জামাকাপড়ও ভিজে যায়। তাপস যে ঘরে থাকেন, সেখানে তাদের গরুও রাখতে হয়।
তাপস বললেন, “আমরা দুই ভাই ও এক বোন। অর্থের অভাবে মাঝপথে বড় বোনের লেখাপড়া বন্ধ করে বিয়ে দেওয়া হয়। মা কয়েক বছর ধরে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে এক প্রকার শয্যাশায়ী। মায়ের দেখভালসহ রান্না করতে হয়। এত কষ্টের মাঝেও লেখাপড়া বন্ধ করিনি।
“এলাকার কিছু বিত্তবানদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। এখন টাকার অভাবে আমি আর পড়ালেখা চালিয়ে যেতে পারব কি না জানি না “
অর্থাভাবে তাপসের পড়ালেখা থেমে যাওয়ার ঘটনা মানতে পারছেন না চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
তিনি বলেন, “আমি তার সমস্যার কথা শুনতে পেয়ে ব্যক্তিগত ভাবে সহযোগিতা করেছি। তবে দীর্ঘমেয়াদে পড়াশোনার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি।”
কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, “মাস তিনেক আগে তপস আমার কাছে এসেছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে। কিন্তু ভর্তির ফরম পূরণের টাকাসহ ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার মতো উপায় ছিল না।
“ওই সময় আমি তাকে উপজেলা প্রশাসন থেকে সামান্য কিছু সহযোগিতা করেছিলাম। ভবিষ্যতেও আমি তাপসের পাশে থাকব।”
