Published : 29 Oct 2025, 08:58 PM
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের সংগঠক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি শহিদুল ইসলাম মীরন, বাসদ জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সংগঠক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের মতামত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), পতেঙ্গা লালদিয়া কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার ঘোষণা দিয়েছে।
তারা আশঙ্কা প্রকাশ করেন, পতেঙ্গা টার্মিনাল-১ ও বে টার্মিনাল-২ পরবর্তীতে বিদেশিদের হাতে তুলে দেওয়া হতে পারে।
নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা। এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকার রাজস্ব দেয়, সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।
বক্তারা বলেন, দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে। যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে। তাদের অভিযোগ, বন্দর বেসরকারিকরণের উদ্দেশ্য মুনাফা বৃদ্ধি, যা শেষ পর্যন্ত শ্রমিক অধিকার সংকোচন ও পরিচালন ব্যয় বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর চাপ সৃষ্টি করবে।
সরকারের প্রতি এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে যমুনা ঘেরাও, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।