২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ট্রেনের সিডিউল বিপর্যয়-ভোগান্তি: স্টেশনে নিরাপত্তা জোরদার

মহাসড়কে বাস না পেয়ে শনিবার সকালে অনেকেই ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন।

গাজীপুর ট্রেনের সিডিউল বিপর্যয়-ভোগান্তি: স্টেশনে নিরাপত্তা জোরদার

জয়দেবপুর রেল জংশনে নিরাপত্তা জোরদারে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 01:38 PM

Updated : 10 Dec 2022, 01:38 PM

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে শনিবার ভোর থেকে ঢাকাগামী ট্রেনের সিডিউল বিপর্যয় হতে দেখা গেছে। একদিকে সড়কে পরিবহন সঙ্কট অন্যদিকে রেলপথের এমন জটিলতায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। 

একইসঙ্গে জংশনে নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। তল্লাশি করা হচ্ছে রেলযাত্রীদের ব্যাগ ও লাগেজ। 

জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ শহিদুল ইসলাম জানান, এখানে মহানগর পুলিশ, জিআরপি, আরএনবি, বেঙ্গল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি করছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জংশনের প্রতিটি গেটে এবং প্ল্যাটফর্ম এলাকায় টহল দেয়া হচ্ছে এবং প্রয়োজনে যাত্রীদের ব্যাগ ও লাগেজ তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক কিছু হলে ট্রেনের ভেতরেও তল্লাশি করা হচ্ছে, এতে ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে।” 

জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম বলেন, “শনিবার প্রতিটা ট্রেনেই আধা ঘণ্টা থেকে প্রায় এক ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে যাচ্ছে, কারণ উত্তরবঙ্গ থেকে প্রতিটা ট্রেনই এখানে বিলম্বে আসছে। তবে এখানে পৌঁছার পর কোনো ট্রেনই ছাড়তে দেরি হচ্ছে না।” 

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু শনিবার ভোর পৌনে ৪টা ছাড়ার কথা থাকলেও এখান থেকে সাড়ে ৪টায় ছাড়ে। ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৪টার বদলে ৫টা ২০ মিনিটে, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৫টায় ছাড়ার কথা থাকলও ছাড়ে ৫টা ৪৫ মিনিটে। 

এছাড়া, সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টার স্থলে ৭টায়, একতা ট্রেনটি ৭টার স্থলে ৯টা ৫ মিনিটে, যমুনা ট্রেনটি ৬টা ৩০মিনিটের স্থলে ৮টা ৫মিনিটে, টাঙ্গাইল কমিউটার সাড়ে ৮টার স্থলে সাড়ে ১০টায়, জামালপুর কমিউটার সাড়ে ১০টার স্থলে ১০টা ৫০ মিনিটে ছেড়ে যায়। 

এদিকে মহাসড়কে বাস না পেয়ে শনিবার সকালে অনেকেই ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ট্রেনের অপেক্ষায়ও জয়দেবপুর জংশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অবস্থান করতে দেখা গেছে। 

গাজীপুর সদরের বাঘের বাজার এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, তিনি জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য হোতাপাড়া এলাকায় অবস্থান করছিলেন। পরে বাস না পেয়ে অটোরিকশা যোগে ভিতরের রাস্তা দিয়ে জয়দেবপুর রেল জংশনে আসেন।

স্টেশনে এসেও প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সাড়ে ৮টার টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সাড়ে ১০টার দিকে জংশন ছেড়ে যাওয়ার সময় তাতে চড়ে গন্তব্যে চলে যান।