২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রাজোয়ারদের গ্রামে ঘরে অগ্নিসংযোগ

পুলিশ জানায়, গ্রামের রাবণ রাজোয়ারের রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নৃগোষ্ঠী রাজোয়ারদের গ্রামে প্রতিপক্ষের লোকজন ঘরে অগ্নিসংযোগ করেছে বলে পুলিশ জানিয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিলিম ইউপির টংপাড়ায় রাজোয়ারদের গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন।

পুলিশ জানায়, গ্রামের রাবণ রাজোয়ারের রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। গ্রামের একটি পুকুর নিয়ে স্থানীয় টি ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধ রয়েছে।

রাজোয়াদের অভিযোগ, দেড়শ বছর ধরে তাদের তিন পুরুষ এই গ্রামে বসবাস করছে। তাদেরকে উৎখাত করতেই টি. ইসলামের লোকজন ঘরে আগুন দিয়েছে।

রাবণ রাজোয়ারের অভিযোগ, গ্রামের লোকজন দেখেছে, রাসেল, সোহেল ও রানা নামের তিনজন আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় আমনূরা পুলিশ ফাঁড়ির চার সদস্য গ্রামের একপাশে লোকজনের সঙ্গে কথা বলেছিলেন। আগুন লাগার পর পুলিশের লোকজনও সেই দৃশ্য দেখেছে।

আমনূরা পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রাম সংলগ্ন একটি পুকুরে টি. ইসলাম নামে এক ব্যক্তির লোকজন মাছ মারার নামে। আমরা তাদের পুকুর থেকে উঠিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। এ সময় গ্রামের পাশে লোকজন নিয়ে টি. ইসলামও উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকে চলে যাবার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

“পুকুর নিয়ে টি. ইসলামের সঙ্গে বিরোধ রয়েছে গ্রামবাসীর। টি. ইসলামের লোকজনের পুকুরে নামার অভিযোগ পেয়ে আমরা গ্রামে গিয়েছিলাম।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “টংপাড়ার নৃগোষ্ঠীর গ্রামের পাশে একটি পুকুর নিয়ে টি. ইসলামের সঙ্গে গ্রামবাসীর বিরোধ দীর্ঘদিনের।”

তিনি বলেন, আগুনের ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে জানতে টি. ইসলামের মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।