২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাজশাহী সিটির ১২৩৭ পরিচ্ছন্নতা কর্মী

প্রথমবারের মত এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 08:42 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

রোজার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার নগর ভবনের গ্রিন প্লাজায় এক অনুষ্ঠানে অনুদান বিতরণ করেন করপোরেশেনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

প্রতিটি কর্মীকে পাঁচ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হয়। প্রথমবারের মত এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা নিরলস কাজ করেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়নে কাজ শুরু হয়েছে এবং রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। 

এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, করপোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে পরিচ্ছন্নতা কর্মী রাজিবুল ইসলাম বলেন, চাকরি জীবনে এই প্রথম এমন অনুদান পেয়েছেন। স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন এবং কাজে আরও উৎসাহ পাবেন।