২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 09:14 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

সোমবার বিকাল ৪টায় সিলেট-মৌলভীবাজার সড়কে উপজেলার ইলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান।

নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) এবং দক্ষিণসুরমার এলাকার শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমদ (১৪)।

ওসি মনিরুজ্জামান বলেন, দুই তরুণ সিলেট শহর থেকে মোটরসাইকেলে করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি মনিরুজ্জামান।