যশোরে ট্রাকের ধাক্কায় গেল ২ বাইক আরোহীর প্রাণ
ঝিকরগাছা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে উপজেলার পলুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
নিহতরা হলেন- উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪৫) এবং দুড়িয়ালি গ্রামের নূর মোহাম্মদের ছেলে আইয়ুব হোসেন (৬০)।
স্থানীয়দের বরাতে ওসি ইকবাল বলেন, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা একটি সবজিবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
খবর পেয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
ঘটনার পরপর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান; তবে ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি ইকবাল।
