২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিদেশি পিস্তল-গুলি জব্দ, যুবক আটক

আটক যুবকের কাছ থেকে দুই কেজি রুপার অলংকার জব্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 06:01 PM

Updated : 26 Aug 2026, 10:19 AM

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে প্রায় দুই কেজি রুপার অলংকার জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

আটক তরিকুল ইসলাম (৪০) উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের প্রয়াত লুৎফর রহমানের ছেলে।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আশরাফুল হক বলেন, ভারত থেকে অস্ত্র ও রুপার একটি চালান বাংলাদেশে আসছে, এমন খবর পেয়ে কাকডাঙা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আর-বি থেকে প্রায় ১০০ গজের মধ্যে অভিযান চালায়।

সেখানে সন্দেহভাজন তরিকুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিনটি গুলি, ম্যাগাজিন ও এক কেজি ৯৯৫ গ্রাম রুপার অলংকার জব্দ করা হয়।

তিনি বলেন, আটক তরিকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 

এ ছাড়া জব্দ করা অস্ত্র ও রুপা সাতক্ষীরা ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।