১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৩০

বাজারের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 11:15 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বালুচর বাজারের চৌরাস্তায় মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের দুই দল মানুষের মধ্যে এ ঘটনা ঘটে বলে বালুচর ইউপির চেয়ারম্যান আওলাদ হোসেন জানান।

এ সময় বাজারের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। 

খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বালুচর বাজারে মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার পুত্র শাহীন বেপারীর (৩২) ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে ৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। 

সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা গ্যারেজের মালিক শাহীন বেপরীর কাছে বকেয়া বিদ্যুৎ বিল চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

এ সময় খাসমহল এলাকার সুলতান সর্দার (৪০) পল্লী বিদ্যুৎ কর্মকর্তার পক্ষ নিলে শাহীন বেপারী ও সুলতানের মধ্যে হাতাহাতি চলে। 

হাতাহাতি এক পর্যায়ে মোল্লাকান্দি ও খাসমহল দুই গ্রামবাসীর সংঘর্ষের রূপ নেয়। 

এতে ছয়জন টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় বালুচরের বাজারের অন্তত ১০টি দোকান।

পরে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। 

ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, বালুচর বাজারে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। 

এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।