Published : 05 Jan 2026, 09:49 PM
ময়মনসিংহ নগরে ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার ২৬০০ টাকা বিক্রি এবং অবৈধভাবে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে নগরের বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষান।
এ সময় নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে এলপিজি বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় ওমেরা ও পেট্রোম্যাক্সের ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিক খান শুষান বলেন, ডিলাররা নির্ধারিত দামের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি দামে এলপিজি বিক্রি করে মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে অভিযানে ডিলারদের কাছে যথেষ্ট এলপিজি সিলিন্ডারের মজুদ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানির দায় ডিলারদের নিতে হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া বলেন, বারবার ডিলারদের সতর্ক করা হলেও তারা বাজারে গ্যাস সরবরাহ করছেন না। অভিযানে গিয়ে তার প্রমাণও পাওয়া গেছে।
কোম্পানি থেকে তারা মূল্য নির্ধারণ করে গ্যাস আনলেও ভাউচার দেখাতে পারছে না এবং মূল্য তালিকাও টানানো নেই। তাই বিধি অনুসারে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওমেরা এবং পেট্রোম্যাক্সের ডিলার সুশান্ত কুমার বলেন, “ওমেরা ১২ কেজি ১৩০৬ টাকা কিনে বিক্রি করছি ১৩২৬ টাকা, ২৫ কেজি ২৫৪৭ টাকা কিনে বিক্রি করছি ২৫৭৮ টাকা, ৩৫ কেজি ৩৫৫৮ টাকায় কিনে বিক্রি করছি ৩৫৯৩ টাকা এবং ৪৫ কেজি এলপিজি ৪৫৭৫ টাকায় কিনে বিক্রি করছি ৪৬৩১ টাকা।
“আমাদের অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। বেশি দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীরা করতে পারেন।”
তিনি বলেন, “আমরা কৃত্রিম সংকট তৈরি করিনি। আগে প্রতিদিন এলপিজি আসলেও এখন দুই থেকে তিন দিন পরপর আসছে, তাই খুচরা ব্যবসায়ীদের দিতে পারছি না।”