মানতের পূজা, মনসার গান, এখন পাড়ার উৎসব
প্রতি বছর শরৎ কালে এখানে বসে মনসা পূজা আর রাতভর মনসা গানের পালা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার মীরের বাগানের পাশে চামার পাড়া। মাত্র ১৩টি রবিদাস পরিবার এখানে বসবাস করে। দুঃখ-কষ্ট, অভাব-অনটনের ভেতর দিয়েই চলে তাদের দিন। তবে এই অভাব তাদের ধর্মবিশ্বাস বা সাংস্কৃতিক চর্চাকে থামাতে পারেনি।
প্রতি বছর শরৎ কালে এখানে বসে মনসা পূজা আর রাতভর মনসা গানের পালা।
দোবলা রানীর মানত থেকে শুরু হয়েছে এই গ্রামে মনসা পূজা ও মনসা গানের পালা।
২০ বছর আগে হাত-পায়ের ঘাঁ নিয়ে ভোগছিলেন গ্রামের প্রবীণ নারী দোবলা রানী (৬০)। তিনি মানত করেন, সুস্থ হলে মনসা পূজা দেবেন আর গানের আয়োজন করবেন।
পরে সুস্থ হয়ে সেই মানত পূরণেই শুরু হয় পূজা ও গানের আয়োজন। প্রথম দিকে পারিবারিকভাবে তার বাড়ির সামনেই বসে মনসার গান। এরপর থেকে প্রতিবছরই আয়োজন চলছে।
দোবলা রানী বলেন, “আমি মানত করেছিলাম, ভালো হয়ে ওঠলাম। তাই প্রতিবছর পূজা আর গান করি। এখন গ্রামের মানুষজনও সহযোগিতা করে। এজন্য এতদিন ধরে অনুষ্ঠানটা টিকে আছে।”
মনসার গান বা ‘মনসামঙ্গল’ মূলত বর্ষাকালে, বিশেষ করে শ্রাবণ মাসের শেষে অনুষ্ঠিত হয়। মনসা দেবীর পূজার পাশাপাশি বেহুলা-লখিন্দরের ‘পদ্মপুরাণ’ বা ‘মনসামঙ্গল’ কাব্য পাঠের মাধ্যমে তা উদযাপিত হয়।
এই সময়ে, শোক ও দুঃখের প্রতীক সর্পদেবী মনসাকে সম্মান জানাতে এবং সাপের কামড় থেকে সুরক্ষার জন্য এই গান গাওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বী শেফালী রানী বলেন, মনসা গান শুনতে এসেছেন পাশের মহল্লা আজাইপুর থেকে। গান শুনে ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান ও শুদ্ধি লাভ করেন।
লোকবিশ্বাসে মনসা ‘সাপের দেবী’। তাকে পূজা করলে সাপের ভয় থেকে রক্ষা পাওয়া যায়- এমন বিশ্বাস গ্রামীণ সমাজে গভীরভাবে প্রোথিত। বাংলার লোকঐতিহ্যে মনসা গানের মাধ্যমে দেবীর মাহাত্ম্য বর্ণিত হয়।
এ গানে সাধারণত বেহুলা-লখিন্দরের কাহিনি পরিবেশিত হয়। স্বামী হারিয়ে বেহুলার কান্না, দেবীর কাছে প্রার্থনা আর নানা পুরাণ কথা উঠে আসে সুরে-অভিনয়ে। শুধু ধর্মীয় আচার নয়, এই গান হয়ে ওঠে বিনোদন ও সংস্কৃতিরও অংশ।
শনিবার রাতে গিয়ে দেখা গেল, নয় দিনব্যপী এ গানের পালার শেষ দিনেও দর্শনার্থীদের ভিড়। এই পূজার পাশে ছোটখাট গ্রামীণ মেলা বসেছে।
চারদিকে শিশুদের কোলাহল, নারী-পুরুষ ভক্তদের উপস্থিতি, তার মাঝখানে গানের আসর। এক পাশে ঢোল-করতাল, বাঁশি, হারমোনিয়াম বাজছে; আর দলপ্রধান মনসা বন্দনা করছেন। মাঝেমধ্যে দলের অন্যান্য শিল্পীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে নেচে-গেয়ে ‘মনসামঙ্গল’ কাব্য কাহিনী ফুটিয়ে তুলছেন। আঙিনা ভরে দর্শক, রাতভর জেগে বসে মুগ্ধ হয়ে দেখেছেন গানের পালা। আশপাশের মুসলিমরাও এ গান শুনতে আসেন অনেকেই।
স্থানীয় দর্শনার্থী শরিফুল ইসলাম বলেন, “মনসা গান শুধু ধর্মীয় অনুষ্ঠান না, গ্রামীণ লোকসংস্কৃতির ঐতিহ্য। প্রতিবছর দেখতে আসি। শিল্পীরা রাতভর যেভাবে গান আর অভিনয় করেন, তাতে আমাদের মন ভরে যায়।”
গানের দলের প্রধান বলরাম পাল জানান, তাদের দলে সদস্য ১২ জন। চার দশক ধরে ধর্মীয় রীতি রেওয়াজ মেনে তিনি এই গান করে আসছেন। তার বাড়ি সদর উপজেলার বারঘরিয়া। বিভিন্ন জায়গার শিল্পীদের নিয়ে গড়ে তুলেছেন এই গানের দল। প্রতি বছর বিভিন্ন এলাকায় দল নিয়ে গান করতে যান চুক্তিতে।
“ভালো মানের ছোকরা নাচিয়ে শিল্পী পাওয়া যায় না। আমাদের দলেই দুজন ছোকরা নাচিয়ে আছেন। তারা পুরুষ হয়েও নারীর চরিত্রে অভিনয় করেন। এতে দর্শক আনন্দ পান; আমাদের জন্যও এটা গর্বের বিষয়।”
গানের দলের সবচেয়ে আলোচিত শিল্পী রতন মালাকার। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি দলের ছোকরা নাচিয়েদের একজন। পুরুষ হয়েও নারী চরিত্রে অভিনয় করেন। বিশেষ করে বেহুলা চরিত্রে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়।
রতন বলেন, “বেহুলার চরিত্র খুব কঠিন। স্বামী হারানোর বেদনায় প্রচুর কাঁদতে হয়। দর্শকরা সেটা বিশ্বাস করে। কিন্তু অভিনয়ের কান্নার পাশাপাশি আমার জীবনে বাস্তব কান্নাও আছে। আছে অর্থকষ্ট। আজও আমি শিল্পী ভাতা পাই না।”
তিনি আরও বলেন, “অভাব আছে, কিন্তু এই গান ছেড়ে যেতে পারিনি। মানুষ আনন্দ পায়, সেটাই আমার তৃপ্তি।”
চামার পাড়ার মানুষজন দিনমজুর। জুতা মেরামত কিংবা অন্যান্য পেশায় জীবিকা নির্বাহ করেন। তবু প্রতিবছর তারা মনসা পূজা আর গানের আয়োজন করেন।
প্রতিবেশী গৃহিণী জয়ন্তী রানী বলেন, “অভাব আছে, কিন্তু ধর্মকাজে অভাব টের পাই না। আমরা সবাই মিলে আয়োজন করি। প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করি।”
