১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশিয়ানীতে ভ্যান-ট্রলির সংঘর্ষে কাপড় ব্যবসায়ী ও ভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

কাপড় ব্যবসায়ী ইসরাফিল নিহত হন ঘটনাস্থলে, আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইয়ার।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 05:58 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভ্যানের সঙ্গে ট্রলির সংঘর্ষে এক কাপড় ব্যবসায়ী এবং অন্য আরেকটি দুর্ঘটনায় আরো একজনের প্রাণ গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও ‍বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।

ওসি মো. শফিউদ্দিন খান জানান, “একটি ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী ইসরাফিল। এ সময় ভ্যানের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাপড় ব্যবসায়ী ইসরাফিল ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”

নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

অপরদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে মারা যান বলে ওসি মো. শফিউদ্দিন খান জানান।