২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, ছাত্রশিবির নেতা বহিষ্কার

দিনাজপুর শহর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে ফেরার পথে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি ও পরে ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে।

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, ছাত্রশিবির নেতা বহিষ্কার
বহিষ্কৃত আনসারুল হক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সেইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে; যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা।

সাময়িক বহিষ্কৃত আনসারুল হক বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আনসারুল বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্র শিবিরের সভাপতি। 

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাসে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ক্যাম্পাসে এক পক্ষের হামলায় তিনজন শিক্ষার্থী আহত হন। 

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের ইংরেজি বিভাগের সাব্বির আহমেদ, ২১তম ব্যাচের অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিভাগের নাঈমুর রহমান এবং হিসাব বিজ্ঞান বিভাগের জয়। তবে সাব্বিরের দাবি তাকে ছুরিকাঘাত করা হয়েছে।

তবে ছুরিকাঘাতের ঘটনা সত্য নয় দাবি করে শিবির নেতা আনসারুল বলেন, তিনি টিউশন করে শহর থেকে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাস থেকে নামার পর প্রতিপক্ষরাই তাকে মারপিট করেছে বলে দাবি তার।

প্রক্টর শামসুজ্জোহা বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাসে শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আনসারুল হকের কথা কাটাকাটির জেরে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।”  

এ ঘটনায় তাৎক্ষণিক পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনসারুল হককে সাময়িক বহিষ্কার করা হয় বলে জানান তিনি। 

আনসারুল ছাত্র শিবিরের জিয়া হল শাখার সভাপতি বলে নিশ্চিত করেছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানভীর।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরামর্শক প্রফেসর ইমদাদুল হক বলেন, “দুপুরে প্রফেসর আবু সাঈদকে প্রধান করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”