২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০টি স্বর্ণের বারসহ দুই ‘পাচারকারী’ আটক

জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮৬ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

১০টি স্বর্ণের বারসহ দুই ‘পাচারকারী’ আটক

স্বর্ণ পাচারের অভিযোগে বিজিবি দুইজনকে আটক করে

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 05:57 PM

Updated : 07 Sep 2022, 05:57 PM

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক হয়েছেন; যাদের পাচারকারী বলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার দুপুরে ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান জানান।

আটক হাবিবুর রহমান (২৯) বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ও আক্তারুল ইসলাম (২৫) একই গ্রামের আবু বক্করের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মোটরসাইকেলচালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।

“পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ১১৬ গ্রাম। জব্দ স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।”

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং ‘পাচারকাজে ব্যবহৃত’ মোটরসাইকেল, স্বর্ণসহ পাচারকারীদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।