২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অর্ধেকের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আট প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 08:09 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। 

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বাছাই কার্যক্রম চলে। 

রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে ১৮ জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। 

এর মধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ছয় প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ; রাজশাহী-২ (সিটি করপোরেশন এলাকা) আসনের নয় প্রার্থীর মধ্যে ছয়জনের বৈধ; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাত প্রার্থীর মধ্যে তিনজনের বৈধ এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনে চার প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আট প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। 

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে চার প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপি বা বিল খেলাপির অভিযোগ থাকলে অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত অভিযোগ থাকলে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদেরকে আহ্বান জানানো হয়েছে। যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে ১১ জানুয়ারি পর্যন্ত তারা আপিল করতে পারবেন।