২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ ‘আত্মসাৎ’

ইজিপিপি প্রকল্পে ৩২ জনের নামে বরাদ্দ পুরো ৫ লাখ ১২ হাজার টাকা এক ইউপি সদস্য আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

কিশোরগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ ‘আত্মসাৎ’

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজারে একটি পত্রিকা অফিসে বৃহস্পতিবার ভুক্তভোগী কয়েকজন সংবাদ সম্মেলন করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 08:22 PM

Updated : 06 Jul 2023, 08:22 PM

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

তালজাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই সদস্যের নাম মো. ডেন্ডু মিয়া।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কৃষি সহায়তার কথা বলে কয়েকজনের কাছ থকে জাতীয় পরিচয়পত্র নিয়ে কৌশলে তাদের নামে মোবাইল ফোনের সিম তুলে ইজিপিপি প্রকল্পের বরাদ্দ পুরো ৫ লাখ ১২ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

উপকারভোগীর তালিকায় থাকা কয়েকজন স্বচ্ছল কৃষক হওয়ায় তারা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ করেছেন।

এ ঘটনায় ৬ নম্বর ওয়ার্ডের আড়াইউড়া গ্রামের মো. বাচ্চু নামে একজন জেলা প্রশাসকের কাছে গত ১২ই জুন প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

এ আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার উপকারভোগীর তালিকায় থাকা চারজন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন।

তারা হলেন আড়াইউড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. বাচ্চু, তার স্ত্রী অজুফা, মৃত আব্দুর রহমানের ছেলে মো. দ্বীন ইসলাম ও মো. নূরুল ইসলামের স্ত্রী মোছা. সমলা।

কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় একটি পত্রিকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ইউপি সদস্য ডেন্ডু মিয়া কৃষি সহায়তা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেন। পরে এলাকার একটি মোবাইল ফোনের দোকানে নিয়ে গিয়ে মেশিনে তাদের ‘ফিঙ্গার প্রিন্ট’ (আঙুলের ছাপ) নেন।

বেশ কিছুদিন পর তারা জানতে পারেন, এলাকায় মাটিকাটার একটি প্রকল্পের শ্রমিক হিসেবে তাদের নাম দিয়েছেন ইউপি সদস্য ডেন্ডু মিয়া। কৌশলে তাদের কাছ থেকে নেওয়া ‘ফিঙ্গার প্রিন্ট’ দিয়ে মোবাইল ফোন সিম কিনে এবং রকেট অ্যাকাউন্ট খোলেন ডেন্ডু মিয়া। ওই মোবাইল ফোনের সিম তিনি তার কাছে রেখে দেন। পরে রকেট অ্যাকাউন্টে আসা প্রকল্পের অর্থ উত্তোলন করে ডেন্ডু মিয়া উপকারভোগীদের তালিকায় থাকা ব্যক্তিদের নামে আসা সব টাকা আত্মসাৎ করেন।

সম্প্রতি উপকারভোগীদের তালিকা প্রকাশিত হলে তারা বিষয়টি জানতে পারেন বলে জানান।

সংবাদ সম্মেলনে মো. বাচ্চু জানান, তিনি একজন ‘স্বচ্ছল’ কৃষক। তার ২০ কাঠা জমি রয়েছে। তার দুই ছেলের মধ্যে একজন ঢাকায় ব্যবসা করেন এবং আরেকজন ঢাকায় চাকরি করেন। মাটি কাটার শ্রমিকের তালিকায় তার এবং তার স্ত্রী মোছা. অজুফার নাম থাকায় সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন। তার মেয়ের জামাইও তাকে এ নিয়ে প্রশ্ন করায় বিব্রত হয়েছেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০২২-২০২৩ অর্থবছরে তালজাঙ্গা ইউনিয়নের আড়াইউড়া আঞ্জু মিয়ার বাড়ি থেকে আড়াইউড়া উত্তরপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত ও উন্নয়ন প্রকল্পে ৩২ জন শ্রমিকের অনুকূলে মোট পাঁচ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

এজন্য প্রকল্প সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য মো. ডেন্ডু মিয়া ৩২ জন শ্রমিকের মোবাইল ফোন নম্বরসহ একটি তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।

এদের নামে আগে তোলা মোবাইল সিমে খোলা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে তিনি সব টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য মো. ডেন্ডু মিয়া বলেন, সবার সম্মতি নিয়েই তালিকায় নাম দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ সুন্দরভাবে শেষ করাও হয়েছে। তবে উপকারভোগীদের মোবাইল সিম তার কাছে থাকলেও টাকা উত্তোলনের পর বেশিরভাগ শ্রমিকই তাদের পাওনা বুঝে নিয়েছেন।

“তবে কয়েকজনের টাকা এখনও নেননি। মূলত জমি সংক্রান্ত একটি বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু মোতালেব বলেন, অভিযোগের বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।