২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত শুধু ‘জান্নাত বিক্রি করছে’, নাউজুবিল্লাহ: সালাউদ্দিন আহমদ

“যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই আজ নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে।”

জামায়াত শুধু ‘জান্নাত বিক্রি করছে’, নাউজুবিল্লাহ: সালাউদ্দিন আহমদ
কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জান্নাত বিক্রির রাজনীতি’ করার অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মের নামে বিভাজনে বিশ্বাস করে না, তারা চায় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, “বাংলাদেশের সর্বত্র দেখা যাচ্ছে, জামায়াতের প্রার্থীরা শুধু ‘জান্নাত বিক্রির’ কথা বলছে, নাউজুবিল্লাহ। জান্নাতের সুসংবাদ তো মাত্র ১০ জন সাহাবি পেয়েছিলেন- আশরায়ে মুবাশশারা। এখন কী জামায়াত ইসলামের ‘ঠিকাদারি’ নিয়েছে?”

শুক্রবার বিকালে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। 

নিজ দলের আদর্শ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিমের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। 

“একইসঙ্গে তিনি ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাইকে এক পরিচয়ে পরিচিত করেছেন- বাংলাদেশি হিসেবে। আমরা ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন চাই না।”

জামায়াতের বিরুদ্ধে স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, “যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই আজ নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে। 

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৫ মার্চের রাতে, ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এজন্যই ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।”

রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, গণতন্ত্রকে সুসংহত করা, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার একটি সুস্পষ্ট রূপরেখা রয়েছে বিএনপির।

তিনি বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্বপ্ন আমরা ধারণ করি।”

নিজ দলের নির্বাচনি ইশতেহারের কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে, দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ চালু করবে, যাতে কেউ চিকিৎসার অভাবে মারা না যায়।

ইশতেহারে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, দরিদ্র পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এ নেতা। এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী দক্ষতা অর্জন করতে পারে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে।

কক্সবাজারের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ব্লু ইকোনমির’ জন্য কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেন, “কক্সবাজারকে আমরা বিশ্বের পর্যটন রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। গভীর সমুদ্রবন্দর করার পরিকল্পনা ২০০১ সালের সরকারেই নেওয়া হয়েছিল।”

এ ছাড়া খাস জমিতে বসবাসরত কাউকে উচ্ছেদ না করা, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং লবণভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এ বিএনপি নেতা।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়ক; যা ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকারের প্রকল্প- তা আরও সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘ঐতিহাসিক’ দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “আপনারা স্বাধীনভাবে ভোট দেবেন। ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনে সহায়তা করবেন।”

সমাবেশে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এবং কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফুর রহমান কাজল বক্তব্য দেন।