নওগাঁয় ‘বরেন্দ্র এক্সপ্রেস’ বিকল, সোয়া ২ ঘণ্টা পর ছুটল ট্রেন
‘শক অ্যাবজরবার’ এর স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়েছিল বলে জানায় রেলওয়ে বিভাগ।
নওগাঁর রাণীনগর উপজেলায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ বিকলের প্রায় সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির ‘শক অ্যাবজরবার’ এর স্প্রিং ভেঙে এ ঘটনা ঘটে বলে জানান রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ ছিল। এতে উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহী রেল যোগাযোগ বন্ধ ছিল।
বিকল হয়ে পড়া বগি উদ্ধার করে রাণীনগর রেল স্টেশনে নিয়ে যাওয়ার পর দুপুর সোয়া ১২টার দিকে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার মানিক।
তিনি বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ১০টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। পথে ট্রেনটির একটি বগির ‘শক অ্যাবজরবার’ এর স্প্রিং ভেঙে মাঝপথে দাঁড়িয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা পর ত্রুটিপূর্ণ বগিটি রেখে বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। পরে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন এনে বগিটি উদ্ধার করে রাণীনগর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান স্টেশন মাস্টার মানিক।
