২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

সর্বস্তরের জনগণের ব্যানারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূ-খণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিয়েছেন সাধারণ মানুষ।

সোমবার সকাল ৯টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করা হয়েছে।

এ সময় সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। 

এ সময় বক্তারা জানান, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। মানুষের লাশ আকাশে উড়ছে। সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।

একই সময় বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের জন্য আহুত হরতালের সমর্থনে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

শহরের দক্ষিণ তেমুহনী মাসরুর চত্বরে জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

এদিকে গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে বাদ যোহর চকবাজার জামে মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।