২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল পোশাক শ্রমিকদের ১৮ বসতঘর

পোশাক কারখানার শ্রমিকরা ঘরগুলোতে ভাড়ায় থাকতেন বলে জানায় ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 09:46 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে মালামালসহ ১৮টি বসতঘর পুড়ে গেছে; যেখানে পোশাক শ্রমিকরা ভাড়ায় থাকতেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের কয়েস মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহবুব আলম।

বাড়ির মালিক কয়েস মিয়া জানান, ২৪টি টিনশেড কক্ষ তৈরি করে তিনি পোশাক শ্রমিকদের ভাড়া দেন। বিকালে আগুনের খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দেখেন তার ১৮টি কক্ষ জ্বলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মেঘনা কারখানা থেকে পানি সরবরাহ করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া হয়।

আগুন লাগার সময় শ্রমিকরা কারখানায় থাকায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ সব মালামাল ছাই হয়ে গেছে বলে জানান কয়েস মিয়া।

পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া রোকেয়া আক্তার জানান, বাড়ির উত্তর পাশের একটি কক্ষে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মাহবুব আলম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।