গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, ২ বাইক আরোহী নিহত
আহত সামিউলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে; এ সময় আরও একজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান জানান।
নিহতরা হলেন- ওই উপজেলার গৃরিধারিপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (২১) ও একই উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে নাইমুর রহমান স্বচ্ছ (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক লাইসুর বলেন, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে কাশিয়াবাড়ী যাচ্ছিলেন। পথে ওই এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
“এতে ওই তিন যুবক ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ”
লাইসুর বলেন, পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আহত নাইমুর ও সামিউলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
নাইমুর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
