সন্তানের টানে এসে কারাভোগ, ভারতে ফিরলেন ফাল্গুনী
পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
স্বামী-সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। কিন্তু সেই আসাই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য। পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পারি দিতে গিয়ে আটক হন। পরে তাকে আট মাসের বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশের কারাগারে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মোহাম্মদ তুহিন বলেন, গত বছরের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন ভারতের নাগরিক ফাল্গুনী রায়। তিনি প্রথম স্বামী ও ছেলে সন্তানের সঙ্গে দেখা করতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকায় যান। কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তার প্রথম স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন।
অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের হাতে আটক হন তিনি।
পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়। আদালত তাকে চার মাস পাঁচদিনের কারাদণ্ড দেয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে মোট আট মাস ১০ দিন কারাগারে থাকতে হয়।
চলতি বছরের ১০ জানুয়ারি তাকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। এর আগেই যাচাই-বাছাই শেষে ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাকে দেশে ফেরানোর জন্য ছাড়পত্র দিয়েছিল। পরে জানুয়ারির মধ্যভাগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই মোহাম্মদ তুহিন বলেন, সকাল ১০টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফাল্গুনী রায়কে ভারতের গেদে সীমান্তের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদের পাশাপাশি কাস্টমস, ইমিগ্রেশন, পুলিশ, এনজিও ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
