কিশোরগঞ্জে বাস চাপায় ইজিবাইক চালকসহ নিহত ২
হতাহতরা ইজিবাইকে করে নির্মাণ কাজে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাস চাপায় ইজিবাইকের চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও দুই আরোহী।
সোমবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার পান্না উল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব থানার এসআই এমদাদুল কবীর।
নিহতরা হলেন- উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক জুয়েল মিয়া (৪৫) এবং ভৈরব পৌর শহরের মনমরা এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে ইজিবাইক চালক কাইয়ুম (৩২)।
আহত দুই নির্মাণ শ্রমিক ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এসআই এমদাদুল কবীর বলেন, জুয়েল মিয়াসহ আরও দুই শ্রমিক বাঁশগাড়ী এলাকা থেকে একটি ইজিবাইকে করে কাজে যাচ্ছিলেন। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ওঠার সময় ময়মনসিংহগামী শ্যামল ছায়া নামের একটি বাস তাদের ইজিবাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। গুরুতর আহত তিনজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক কাইয়ুম মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
হতাহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই এমদাদুল কবীর।
