Published : 17 Sep 2026, 11:50 PM
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বের খেলা।
শুক্রবার বিকাল ৩টায় ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের ম্যাচ দিয়ে চাঁদপুর পর্বের খেলা শুরু হবে।
বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বে দেশের সাতটি ভেন্যুতে মোট ৭৮টি ম্যাচ হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে প্রথম পর্বে ১২টি ম্যাচ হবে বলে জানান চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জয়নাল আবেদীন জনু।
উদ্বোধনী ম্যাচের পর ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব খেলবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা।
চাঁদপুর স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
জাতীয় পর্যায়ের এসব ম্যাচ ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর চাঁদপুরের মাঠে বড় ক্লাবগুলোর খেলা দেখার সুযোগ পাওয়ায় খুশি তারা।
স্থানীয় সাবেক খেলোয়াড় জীবন বলেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরাসরি মাঠে খেলতে দেখা অনুপ্রেরণার। এতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়তে পারে।
স্থানীয় খেলোয়াড় মো. মানিক বলেন, নিয়মিত বড় পর্যায়ের ম্যাচ হলে স্থানীয় খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা কাছ থেকে দেখাও তাদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।
স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় খেলা মো. জাহাঙ্গীর বলেন, চাঁদপুরে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, ভালো মাঠ ও বড় পর্যায়ে খেলার সুযোগ। জাতীয় ফুটবল লীগের ম্যাচ আয়োজন এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জয়নাল আবেদীন জনু বলেন, ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক ও খেলোয়াড়দের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে।