হল-ক্যাম্পাস বন্ধের মধ্যেই কুবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
হল-ক্যাম্পাস বন্ধ হলেও গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু থাকার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
বেশ কিছু দিন ধরে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের চলা দ্বন্দ্বের কারণে অনির্দিষ্টকালের জন্য হল ও ক্যাম্পাস বন্ধের মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়; চলে দুপুর ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশ নিয়েছেন উপাচার্যের পদত্যাগ দাবিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বর্জন করা শিক্ষক সমিতির সদস্যরাও।
বেশ কিছুদিন ধরেই সাত দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
চলমান আন্দোলনের মধ্যে গত ২৫ এপ্রিল উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় অনির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যালয়ে তালা দেন আন্দোলনরত শিক্ষকরা।
রোববার সেই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য।
পরে শিক্ষকদের সাত দফা দাবি উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এখন এ দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে অনলাইনে অনুষ্ঠিত ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির কর্মসূচির জের ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু থাকার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরদিন বুধবার আন্দোলন করে শিক্ষার্থীরা।
এ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও অধিকাংশ শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন।
এদিকে, হঠাৎ বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রভাব গুচ্ছের ভর্তি পরীক্ষায়ও পড়েছে বলে মনে করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বলছেন, অন্য সময়ে ভর্তি পরীক্ষার সময় আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ভিড় জমে। কিন্তু এবার আবাসিক হলে শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়নি। কারণ, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা গেছে।
এদিকে, শুক্রবার দুপুর ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি কয়েকটি কক্ষ পরিদর্শন করেছি। অন্যদিনের চেয়ে আজ পরীক্ষার্থীদের উপস্থিতি বেশি।”
তিনি জানান, সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ১০ মে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের কারণ জানতে চাইলে উপাচার্য বলেন, “শিক্ষক সমিতি আগে থেকেই ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আসছিল। ইতোমধ্যে শিক্ষক সমিতির অনেক দাবিই মেনে নেওয়া হয়েছে।
যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে- তাই নিরাপত্তার কথা বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।”
আরও পড়ুন:
