স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত: ১১ বছর পর আওয়ামী লীগের নামে মামলা
২০১৩ সালের ২৩ অক্টোবর বিএনপির মিছিলে গুলিতে নিহত হন মারুফ শেখ।
ফরিদপুরের নগরকান্দায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় সংঘর্ষে গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফ শেখ নিহতের ঘটনায় ১১ বছর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নিহতের মা ও উপজেলার মিনার গ্রামের বাসিন্দা ছালেহা বেগম ছলে (৬৪) মামলাটি করেন বলে বাদীপক্ষের আইনজীবী এ কে এম হাবিবুর রহমান হাফিজ জানান।
মামলায় ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়া (৪৫), তার ভাই তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, দেলো ফকির, সদ্য বহিষ্কৃত নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজামান বাবুল কাজী, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মিছিলের হামলা করেন আসামিরা। এ সময় গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মারুফ। হামলায় সাইফ মুন্সি নামে আরেকজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।
ছালেহা বেগম বলেন, “ছেলের হত্যার পর থানায় গেলে পুলিশ মামলা নেয়নি এবং পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ মামলা করেছে আর কোনো মামলা হবে না। এরপর অনেকবার থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছি।”
আইনজীবী এ কে এম হাবিুবুর রহমান হাফিজ বলেন, “আদালত মামলাটি গ্রহণ করেন তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে।”
মারুফ নিহতের পর সেই সময় এক বিবৃতিতে বিএনপি ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছিল।
তখন এ ঘটনায় নগরকান্দা থানার এসআই খলিলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১৪৬ বিএনপি ও হেফাজত ইসলামের নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।
