১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

“মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বুঝায়।”

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 02:09 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তানের মত দেশে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনি সভায় তিনি এ কথা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এরা জামায়াতে ইসলাম দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। পিছন দিকে নিয়ে যেতে চায়। যে দলটা সামনের দিকে যেতে আমাদের বাধা দেয়। 

“আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। নারী-পুরুষ সকলেই সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বাস করবে।”

সভায় নারীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের জনসংখ্যায় নারীরা বেশি ছেলেদের চেয়ে। আপনারা জানেন মা-বোনেরা? আপনাদের সংখ্যা বেশি। নারী-পুরুষ সমান অধিকার। ইসলাম ধর্মেও বলা আছে, আল্লাহ তায়ালা বলেছেন মেয়েদের সমান যে অধিকার প্রাপ্য সেটা তাদেরকে দিতে হবে। এই বিষয়গুলো জামায়াত মানুষকে ভুল বুঝায়। 

“তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা ভুল বোঝায়, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই, মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।” 

মির্জা ফখরুল বলেন, “আজকে পত্রিকায় বের হয়েছে আমি জানিনা সত্য না মিথ্যা, জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি কিন্তু এসব জানিনা, আমি সাংবাদিকদের জিজ্ঞেস করতেছি? বাজে কথা বলেছেন! 

“জামায়াতের আমির যদি নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন নাই। মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবেন না।” 

মায়াত মহিলাদের কাজ করতে দিতে চায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, “জামায়াতে ইসলামীর ব্যাপারটাই হচ্ছে এমন-মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। ওই যে গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদেরকে বলে দিয়েছে পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবা না। কাজ না করলে খাবে কি?”

এ সময় মির্জা ফখরুল ভোটার ও সমর্থকদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।