কুমিল্লায় দুদিনে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
বাজার পরিদর্শন করেন এ তথ্য দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
কুমিল্লায় দুদিনে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার রমজানের প্রথম দিন নগরীর রাজগঞ্জ, চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন এ তথ্য দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
তিনি বলছিলেন, “দুই দিন আগেও যেখানে ১৮০ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল, আজ দেখলাম ২০০ টাকা কেজি। এটা ঠিক না। আমি বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকারকে বলেছি ব্যবস্থা নিতে।”
বাজার পরিদর্শনকালে তিনি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই, ক্রয় রসিদ পর্যালোচনা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারি রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধ ও বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
অভিযানে সংবাদ মাধ্যমের কর্মীরাও ছিলেন। বাজার ঘুরে দেখা যায়, শাকসবজি, লেবু, শসা প্রভৃতির দাম বেড়েছে। পাশাপাশি গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামও তুলনামূলক বেশি।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের একাধিক টিম উপস্থিত ছিলেন।
