নারায়ণগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় দুজন নিহত
কুমিল্লাগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারী ও শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।
নিহত ষাটোর্ধ্ব আনোয়ারা বেগম মুন্সীগঞ্জের ঠেঙ্গারচর এলাকার বাসিন্দা এবং জাওয়াদ হোসেন (৪) সোনারগাঁ উপজেলার দড়িকান্দি মধ্যপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। আনোয়ারা বেগম জাওয়াদের মায়ের নানি।
ওসি জানান,রাস্তা পার হওয়ার সময় কুমিল্লার লাকসামগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে জাওয়াদ ঘটনাস্থলেই মারা যায়। আনোয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ও তার সহযোগী বাস রেখে পালিয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই আনোয়ারা মারা যান। বাসের নিচে চাপা পড়ায় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
