১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে শীতের পিঠা খেয়ে মুখে হাসি ছিন্নমূল মানুষের

পিঠা খেতে আসা ব্যক্তিরা, তারা অনেকে এসব পিঠা তৈরির সঙ্গে জড়িতও আছেন, কিন্তু তার স্বাদ নেওয়ার সাধ্য বা সুযোগ পান না।

সিরাজগঞ্জে শীতের পিঠা খেয়ে মুখে হাসি ছিন্নমূল মানুষের

সিরাজগঞ্জ শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপের’ আয়োজনে পিঠা খেতে আসা মানুষরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 07:58 PM

Updated : 10 Dec 2023, 07:58 PM

শীত এলেই গ্রাম বাংলার বাড়িতে-বাড়িতে ধুম পড়ে মুখরোচক বিভিন্ন পিঠা তৈরির। তবে গরম গরম ধোঁয়া ওঠা সেই পিঠার স্বাদ থেকে বঞ্চিত থাকেন ছিন্নমূল, হতদরিদ্র ও অসহায় মানুষরা।

সিরাজগঞ্জ শহরের সেসব মানুষের মুখে পিঠা তুলে দিতে এবং শীতকে স্বাগত জানাতে রোববার ভোরে পিঠা উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানব সেবায় স্বপ্ন গ্রুপ’।

শহরের বাজার স্টেশন এলাকায় এ আয়োজনে শতাধিক ছিন্নমূল মানুষকে গরম গরম চিতই, তেলের পিঠা ও ভাপাসহ নানা রকম পিঠা খাওয়ানো হয়।

মানব সেবায় স্বপ্ন গ্রুপের উদ্যোক্তা ও পুলিশ সদস্য শামীম রেজা জানান, এ উৎসবে অর্থায়ন করেন ইতালী প্রবাসী হুমায়ন রেজা।

শামীম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরের ছিন্নমূল, হতদরিদ্র ও অসহায় মানুষগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা খেতে পায় না। তাই এসব মানুষের মুখে হাসি ফোটাতে ও শীতকে স্বাগত জানাতে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।”

পিঠা খেতে আসা ব্যক্তিরা হাসিমুখে জানান, তারা অনেকে এসব পিঠা তৈরির সঙ্গে জড়িতও আছেন, কিন্তু তার স্বাদ নেওয়ার সাধ্য বা সুযোগ হয় না। মানব সেবায় স্বপ্ন গ্রুপ তাদের সেই নতুন পিঠার স্বাদ নিতে সহায়তা করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।