২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগি ও ডিমের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি

কৃষির জন্য সার, ওষুধ ও বিদ্যুতে ভর্তুকিসহ প্রণোদনার মতো পোল্ট্রি খামারিদেরও বাচ্চার মূল্য ও খাদ্যের মূল্যে ভর্তুকির দাবি জানান খামারিরা।

মুরগি ও ডিমের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি

পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের বরিশাল বিভাগীয় শাখার সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 12:00 AM

Updated : 29 Aug 2022, 12:00 AM

সরকারিভাবে খামারি, আড়ৎদার ও ভোক্তা পর্যায়ে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেঁধে দেওয়াসহ চার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ।

রোববার বেলা ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন পরিষদের বরিশাল শাখার নেতারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির বরিশাল বিভাগীয় সভাপতি মো. আব্দুর রহিম গাজী।

তিনি বলেন, “পোল্ট্রি সেক্টর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত। বরিশাল বিভাগে চার লাখ কর্মজীবী মানুষ এ খাতের সঙ্গে জড়িত। কিন্তু বর্তমানে এ খাতের প্রতিটি মানুষ আতঙ্কে আছে।”

রহিম গাজী বলেন, করোনার প্রকোপের দুই বছরে পোল্ট্রি খাতের সব খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু খামার তখন ঝরে গেছে। খামারিরা যখন বিপর্যয় কাটিয়ে ওঠা শুরু করে, তখন যুদ্ধের কারণে ফিড মিল তাদের প্রস্তুতকৃত খাদ্যের দাম অধিক হারে বৃদ্ধি করতে থাকে।

তিনি জানান, গত আড়াই মাসের মধ্যে খাদ্যের দাম চার বার বাড়ানো হয়েছে। খামারিরা প্রতি বস্তা খাদ্য এক হাজার ৬০০ টাকায় কিনে পাঁচ থেকে সাত টাকায় ডিম বিক্রি করেও টিকে ছিল। বর্তমানে এক বস্তা খাবার দুই হাজার ৭০০ থেকে তিন হাজার ২০০ টাকায় কিনতে হয়। সঙ্গে সঙ্গে রোগ প্রতিষেধক টিকাসহ সব ধরনের ওষুধের দাম বাড়ার কারণে বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ পড়ে প্রায় নয় দশমিক ৭৯ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম পড়ে ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা।

রহিম গাজী আরও বলেন, ঢাকার বাজারের ওপর ভিত্তি করে স্থানীয় আড়ৎদাররা চাহিদার ভিত্তিতে বাজারমূল্য নির্ধারণ করে থাকেন। এখানের খামারিদের তাতে কোনো হাত নেই। বাজারমূল্য নির্ধারণের সময় ডিম ও ব্রয়লারের উৎপাদন খরচের প্রতি লক্ষ্য করা হয় না।

তিনি বলেন, বাংলাদেশের কিছু করপোরেট কোম্পানি ও কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি বাণিজ্যিকভাবে খামার করায় বাজারটি তাদের হাতে চলে গেছে। কারণ মোট উৎপাদনের প্রায় ২৫ শতাংশ করেন তারা। ক্ষুদ্র ও প্রান্তিক খামারি ঝরে গেলে পুরো বাজার তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।

তার ভাষ্য, করপোরেট কোম্পানিগুলোর ডিমের উৎপাদন খরচ অনেক কম; কারণ মুরগির বাচ্চা তারা নিজেরা উৎপাদন করে, খাদ্যের সমস্ত কাঁচামাল তারা বৃহৎ আকারে আমদানি করে এবং নিজস্ব ফিড মিলে খাদ্য উৎপাদন করে বাণিজ্যিক খামারে ব্যবহার করে। তাই তাদের উৎপাদিত পণ্যমূল্যের সঙ্গে প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের মূল্যের অনেক পার্থক্য থাকে। প্রান্তিক খামারিরা তাদের কাছে অসহায়।

“ভোক্তা পর্যায়ে যে ডিমের দাম ১২ থেকে ১৩ টাকা। সেই ডিম খামারি পর্যায়ে সর্বোচ্চ সাড়ে নয় টাকা। মাঝখানে আড়ৎদার, ফরিয়া, মুদি দোকানদার আড়াই থেকে তিন টাকা পর্যন্ত ব্যবসা করে।”

সংবাদ সম্মলেনে তিনি সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- ডিম ও ব্রয়লার মরগির দাম সরকারের পক্ষ থেকে খামারি, আড়ৎদার ও ভোক্তা পর্যায়ে নির্ধারণ করে দেওয়া; সংশ্লিষ্ট প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, খামারি প্রতিনিধি, ফিডমিল প্রতিনিধি, হ্যাচারি মালিক প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করে ১৫ দিন বা এক মাস অন্তর পোল্ট্রি পণ্যের দাম নির্ধারণ করা; কৃষিখাতে যেভাবে সরকার সার, ওষুধ, বিদ্যুৎ ইত্যাদিতে ভর্তুকিসহ প্রণোদনা দেয় তেমনি পোল্ট্রি খামারিদেরও বাচ্চার মূল্য ও খাদ্যের মূল্যে ভর্তুকি দিয়ে ডিমের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পোল্ট্রি খাদ্যের মূল্য সহনীয় পর্যায় আনার জন্য সরকারের তরফ থেকে জাতীয় কমিটির মাধ্যমে নির্ভরযোগ্য তদারকি করা।