রাজশাহী জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন চান ৮ জন
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে এবার ভোটার ১১৮৫ জন।
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের আট নেতা।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেন ও জমা দেন।
এরা হলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ আলী সরকার, রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল আলম বাবু, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পিপি মোজাফ্ফর হোসেন, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ এবং জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।
বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন রায়হানুল হক রায়হান ও ইব্রাহিম হোসেন। বুধবার রবিউল আলম বাবু, মীর ইকবাল, মোজাফ্ফর হোসেন ও আক্তারুজ্জামান আক্তার উত্তোলন করেন ও জমা দেন। মঙ্গলবার মোহাম্মদ আলী সরকার ও শরিফুল ইসলাম শরিফ মনোনয়নপত্র জমা দেন।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা জেলা পরিষদ নির্বাচনের ভোটার।
তাদের ভোটে রাজশাহীতে একজন চেয়ারম্যান ও ১২ জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে রয়েছেন তিনজন সংরক্ষিত মহিলা সদস্য।
গত ২৩ অগাস্ট নির্বাচন কমিশন রাজশাহীসহ ৬১ জেলা পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর।
