চোর-ডাকাতের উপদ্রব: টুঙ্গিপাড়ার গোপালপুরে রাত জেগে গ্রাম পাহারা
প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যরা পাঁচ থেকে ১০ জন সদস্যের এক একটি দল নিয়ে পাহারা দিচ্ছেন। তাদের হাতে রয়েছে লাঠি, বাঁশ ও বল্লম।
চোর ডাকাতের উপদ্রব বাড়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালপুরে ইউনিয়নে রাত জেগে দলবেঁধে গ্রাম পাহারা দিচ্ছেন বাসিন্দারা।
সাম্প্রতিক সময়ে উপজেলায় চুরি, ডাকাতির এসব ঘটনায় বেশ কয়েকজন অপরাধীকে আটক করলেও প্রয়োজনের তুলনায় সদস্য সংখ্যা কম থাকায় এ ধরনের ঘটনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে পুলিশ।
এমন পরিস্থিতিতে টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মুনসুরের উদ্যোগ ও এসআই কামরুল ইসলামের চেষ্টায় গোপালপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রবেশদ্বারে লাঠি, বল্লম নিয়ে পাহারা দিচ্ছে গ্রামবাসী।
গোপালপুর ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস বলেন, সাম্প্রতিক সময়ে গরু চুরি-ডাকাতিসহ কিছু ঘটনা ঘটে। এতে এলাকার জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। তখন ওসি আবুল মুনসুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রবেশদ্বারে রাত জেগে পাহারার জন্য গ্রামবাসীকে উদ্বুদ্ধ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে গোপালপুর ইউনিয়নে পাহারা শুরু হয়।
সরজমিনে দেখা যায়, বন্যাবাড়ি, জোয়ারিয়া, গোপালপুর বাজারসহ গোপালপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যরা পাঁচ থেকে ১০ জন সদস্যের এক একটি দল নিয়ে পাহারা দিচ্ছেন। তাদের হাতে রয়েছে লাঠি, বাঁশ ও বল্লম।
কোন মানুষ ও গাড়ি ঢুকলেই পাহারারতরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। আর না থামলে সাথে সাথে থানায় কল করে সে বিষয়ে জানাচ্ছেন। তখন টহলরত পুলিশ বাহিনীর সদস্যরা তাদের আটকে দিচ্ছেন।
গোপালপুরের ইউপি সদস্য পলাশ বিশ্বাস বলেন, “প্রতিদিন আলাদা গ্রুপের মাধ্যমে পাহারার দ্বায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পাহারাদারদের কাছে থানার ওসি ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কারো চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়ার জন্য বলা হয়েছে।
মূলত জনগণকে সম্পৃক্ত করে পুলিশিং কার্যক্রম শুরুর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি আবুল মুনসুর বলেন, থানায় প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। তাই চুরি প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“পাহারার কারণে চোর যদি ঢুকতেই না পারে তাহলে চুরিও হবে না। আর চোর ঢুকলেও বের হতে পারবে না। এছাড়া গ্রামবাসীর পাশাপাশি পুলিশের পেট্রোল টিমও টহলরত রয়েছে।”
তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এমন পাহারার ব্যবস্থা করা হবে। পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগে আমরা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবো “
