২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীকে মারধর: অতিরিক্ত ডিআইজি এনামুল কবির বরখাস্ত

তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে। 

আইনজীবীকে মারধর: অতিরিক্ত ডিআইজি এনামুল কবির বরখাস্ত

পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 08:27 PM

Updated : 19 Jun 2023, 10:44 PM

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের অভিযোগের ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশের কথা বলা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির (প্রশাসন ও অর্থ) দায়িত্ব পালন করা এনামুল কবির এখন সিলেট রেঞ্জে সংযুক্ত থাকবেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

গত ১৪ জুন এনামুল কবীরের বিরুদ্ধে আইনজীবী আশিকুর রহমানকে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠে। পরদিন জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এনামুল কবীরকে বরখাস্তের দাবিতে আল্টিমেটাম দেয়।

এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করায় সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে।“ 

এই অবস্থায় “জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হওয়ায় এনামুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮ জুন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হল”, বলা হয় প্রজ্ঞাপনে।   

এ বিষয়ে কথা বলার জন্য ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের মোবাইল ফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।