২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চে চুরির পর পুলিশ পরিচয় দেওয়া যুবক ও তরুণী আটক

সিসিটিভির ফুটেজ দেখে রিপনের কাছ থেকে চোরাই মানিব্যাগটি উদ্ধার করে লঞ্চ কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 03:48 PM

Updated : 03 Sep 2022, 03:48 PM

বরিশালে লঞ্চে যাত্রীর টাকা চুরির অভিযোগে আটক এক যুবক ও তরুণীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার ঢাকা থেকে বরিশাল আসার পর তাদের সদর নৌ-থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে থানার ওসি হাসনাত জামান জানিয়েছেন।

লঞ্চে আটকের পর যুবক ও তরুণী নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে ইংরেজিতে পুলিশ লেখা একটি ব্যাগ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তবে, তারা পুলিশে চাকরি করেন কি-না বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গিলাবুনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রিপন সিকদার (৩৮) এবং একই উপজেলার নরিয়াবাদ এলাকার শাহিন মৃধার মেয়ে তানিয়া (১৯)।

ওসি হাসনাত জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা এমভি পারাবত-১২ লঞ্চে ডেকের যাত্রী হিসেবে ছিলেন রিপন ও তানিয়া। পাশের যাত্রী শহিদুল ইসলামের কাছে স্বামী ও স্ত্রী হিসেবে নিজেদের পরিচয় দেন তারা।

“রাতে শহীদুলের মানিব্যাগ চুরি হলে তিনি বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে সিসিটিভির ফুটেজ দেখে রিপনের কাছ থেকে চোরাই মানিব্যাগটি উদ্ধার করে লঞ্চ কর্তৃপক্ষ। এ সময় রিপন নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেন।”

ওসি হাসনাত আরও জানান, তাদের পুলিশ পরিচয় দেওয়ার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

পারাবাত-১২ লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক রিপন এর আগে পুলিশ পরিচয়ে পারাবত-১১ লঞ্চে একই কাজ করেছিলেন। পারাবত-১১ লঞ্চের এক কর্মচারী বর্তমানে পারাবত-১২ লঞ্চে চাকরি করছেন।

“চুরির অভিযোগ নিয়ে হৈ-চৈ হওয়ার পর সেই কর্মচারী রিপনকে শনাক্ত করে জানিয়েছে, একই ধরনের অপকর্ম তিনি আগেও করেছেন। তখন সে পুলিশের একটি আইডি কার্ড দেখিয়ে ও প্রমাণ না থাকায় পার পেয়ে গেছেন।”

কিন্তু এবার সিসিটিভি ফুটেজ পাওয়ায় পার পায়নি বলে সুপারভাইজার জানিয়েছেন।

তিনি আরও জানান, রিপন স্বীকার করেছে তিনি ৫০০ টাকা চুরি করেছেন। কিন্তু যাত্রী শহীদুলের দাবি মানিব্যাগে এক হাজার ৮০০ টাকা ছিলো।