২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

ওসি মোকছেদুর রহমান বলেন, “রাজনৈতিক কোনো বিষয় নয়। আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 10:22 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। 

রোববার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খাইরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান জানান।

আহতদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঘারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি করিম মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। 

এর জের ধরে আনোয়ারের পক্ষের লোকজন রোববার সকালে শরিফাবাদ বাজারে মহড়া দেয়। তখন প্রথমে করিম মোল্লার লোকজন ভয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। 

পরে আনোয়ারের পক্ষের লোকজন করিম মোল্লার বাড়ির দিকে এগিয়ে যায়। তখন করিমের পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। 

এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোঁড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢাল, সড়কি, টেঁটাসহ সংঘর্ষ শুরু হয়। এ সময় নারী পুরুষসহ কমপক্ষে ২২ জন আহত হন। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ ব্যাপারে করিম মোল্লা বলেন, “৫ অগাস্টের পরে বিএনপি নেতা আনোয়ার, আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে আমাদের ওপর অত্যাচার করে, গত ২৫ জানুয়ারি আমাদের কৃষকদলের মিছিল বের করতে বাধা দেয়, শনিবার ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে খিচুড়ি খাওয়ার আয়োজন করে। 

“রোববার সকালে আওয়ামী লীগের লোকজন নিয়ে দলভারী করে আমার বাড়িতে ঘেরাও করে রাখে তখন ইজ্জত বাঁচাতে তাদের ধাওয়া করা হয়।”

অন্যদিকে বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, “নিক্সন চৌধুরীর এক নম্বর সমর্থক নিরু খলিফার সঙ্গে মিলে করিম মোল্লার লোকজন আমাদের বিএনপি নেতা-কর্মীদের ওপরে হামলা চালিয়ে আহত করেছে।”

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোকছেদুর রহমান বলেন, “রাজনৈতিক কোনো বিষয় নয়। আধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হওয়ার ঘটনা শুনেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। 

তিনি আরও বলেন, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।