২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

এ ঘটনার পর হায়দারগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সংঘর্ষের আহতদের কয়েকজন স্থানীয় হাসাতালে চিকিৎসা নেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 12:43 AM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ফেইসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন। 

এ ঘটনার পর হায়দারগঞ্জ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনীর ও পুলিশ টহল দিচ্ছে। 

আহতদের মধ্যে আছেন- লিটন হাওলাদার, হোসেন মাতাব্বর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি, জয়নাল। 

তাদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে। তাদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। 

স্থানীয় বিএনপির তিন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ফেইসবুকে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দারের দাবি, বিএনপির লোকজন সন্ধ্যায় আওয়ামী লীগ ও মাদকের বিরুদ্ধে মিছিল বের করে। কিন্তু বাছেদ হাওলাদারের লোকজন বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজনকে সাথে নিয়ে ওই মিছিলে হামলা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। হামলায় তাদের পক্ষের ৬-৭ জন আহত হয়েছেন। 

তিনি বলেন, “হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিত,  এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে- এ ধরনের একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর এ হামলা করেছে।” 

এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি। 

তবে তার ছেলে লিটন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাবার নামে মামুন নামের একব্যক্তি ফেইসবুকে কয়েকটি কমেন্ট করেন। এর প্রতিবাদে লোকজন মিছিল করতে গেলে অতর্কিত হামলা করে আমাদের লোকজনকে জখম করে।” 

তবে রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব নাজমুল ইসলাম মিঠুর দাবি, হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বিএনপির দলীয় বিরোধে এ ঘটনা ঘটেনি।

পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে  বাজারে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।