২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: ময়মনসিংহে ১৪ মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ১২২

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পাঁচ জন নিহত এবং ৭০ জনের মত আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 08:26 PM

Updated : 26 Aug 2026, 10:03 AM

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, নাশকতা এবং সরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় ময়মনসিংহে ১৪টি মামলায় আসামি করা হয়েছে প্রায় চার হাজার জনকে।

এর মধ্যে বুধবার সকাল ১০টা থেকে পূর্বের ২৪ ঘণ্টায় ২৪ জনসহ মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন। 

তিনি বলেন, ময়মনসিংহ সদর, গৌরীপুর এবং ফুলপুরসহ বিভিন্ন থানায় ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত এসব মামলা করা হয়। মামলাগুলোর বেশির ভাগ আসামি অজ্ঞাত পরিচয়ের। বাকীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জেলায় পাঁচ জন নিহত এবং ৭০ জনের মত আহত হয়েছেন। তবে নিহত এবং আহত পরিবারের মধ্যে কেউই থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার বিকালে আনন্দ মোহন কলেজে কয়েকটি স্থাপনা ভাঙচুর এবং ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল বাদী হয়ে একটি মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে।

শুক্রবার বিকালে নগরীর আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় পার্কিং করা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনির গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 

ঘটনার পরদিন গাড়ি চালক মো. কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন। 

শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসায় হামলা-ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় বাবুল বাদী হয়ে ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছেন।

সেদিন বিকালে নগরীর চরপাড়া ও বাইপাস মোড়ে পুলিশ বক্সে আগুন, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। 

সংঘর্ষে কমার্স কলেজের শিক্ষার্থী রেদুয়ান হাসান সাগর (১৯) নিহত হন। সাগর নগরীর ভাংগাপুল এলাকার আসাদুজ্জামান আসাদের ছেলে। 

পুলিশের ওপর হামলা-ভাঙচুরের এ ঘটনায় পুলিশ কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “পুলিশের ওপর হামলা ভাঙচুরের ঘটনায় একটি মামলাসহ মোট পাঁচটি মামলা হয়েছে। তবে শিক্ষার্থী নিহতের ঘটনায় কেউ অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।”

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার গৌরীপুরের কলতাপাড়া এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের দুইটি পিকআপ ভ্যান ও তাল্লু স্পিনিং মিলের গোডাউন। করা হয় ভাঙচুর। এসময় ৯ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হন। 

এদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন বিক্ষোভকারী। 

তারা হলেন, গৌরীপুরের কাউরাট গ্রামের আনার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন (১৮), দামগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. বিপ্লব (১৮) এবং চুড়ালী গ্রামের হেকিম মুন্সীর ছেলে রাকিব হাসান (১৯)। 

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) আল ইমরান বলেন, পুলিশের ওপর হামলা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে রোববার রাতে পুলিশবাদী হয়ে অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। 

তিনি আরও বলেন, “এ সময় শুনেছি তিনজন বিক্ষোভকারী মারা গেছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। 

এদিকে শনিবার জেলার ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। সংঘর্ষে সাইফুল ইসলাম (৪২) নামে এক সবজি বিক্রেতা মারা যান। তিনি চর ডাকিয়া কান্দাপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। 

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “পুলিশের ওপর হামলা, পুলিশ বক্সে আগুন এবং নাশকতার অভিযোগে দুটি মামলা হয়েছে। 

এর মধ্যে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুরে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এছাড়া বিজিবির গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, “এদিন হামলায় সাইফুল ইসলাম নামে এক পথচারী মারা গেছেন। এ বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বলেন, “কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পুলিশেরও নৈতিক সমর্থন ছিল।কিন্তু এই আন্দোলনে নাশকতাকারীরা প্রবেশ করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। ”

তিনি আরও বলেন, “পুলিশের ওপর হামলা, ভাঙচুর, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। এতে পুলিশের ৭০-৮০ জন আহত হয়। কারা এসব ঘটিয়েছে তারা চিহ্নিত। তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।”

সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই, পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে- বলেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।