ধরলায় জিও ব্যাগ-টিউব ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা
কুড়িগ্রামে এনসিপির উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীতে জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীরা।
সোমবার বিকালে উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোবে ভাঙন কবলিত এলাকায় নদী তীরে এসব জিও ব্যাগ ফেলেন তারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ উপস্থিত ছিলেন।
আতিক মুজাহিদ বলেন, “আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণির মানুষ ব্যাবসায়িক চিন্তা করে। তারা মনে করে যত বেশি ভাঙবে, তত বেশি ব্যবসা ভালো হবে।
“তাই নিজেরাই উদ্যোগ নিয়েছি, প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে কাজ করব। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও করা হবে।”
অল্প জিও ব্যাগ দিয়ে ব্যাপক নদী ভাঙন রোধ করা সম্ভব নয় জানিয়ে এনসিপি নেতা বলেন, “আমরা এ কাজের মাধ্যমে সরকারকে বার্তা দিতে চাই, যে সিস্টেমের কারণে মানুষগুলো দুর্ভোগের শিকার তার তীব্র প্রতিবাদ জানাই। ভাঙন রোধে সরকারিভাবে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।”
কুড়িগ্রামের মানুষ ত্রাণ চায় না, টেকসই বাঁধের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা চায় বলে জানান আতিক মুজাহিদ।
ভাঙন রোধে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাঁচ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি পাঁচ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব।”
এ সময় এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
