যশোরে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ তিনজনের
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
যশোর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
রোববার বিকাল সাড়ে ৪টায় যশোর-চৌগাছা সড়কে উপজেলার চুড়ামনকাটি এলাকার আমিন ইটভাটার সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম।
নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারজানা আকতার সুমি (২৩), যশোর সদর উপজেলার ববিলা গ্রামের জোহরা খাতুন (৫০) এবং চুড়ামনকাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।
আহতরা হচ্ছেন- নিহত সুমির স্বামী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস এডুকেশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ এবং নিহত জোহরা খাতুনের স্বামী আমজাদ হোসেন (৫৫)।
ওসি তাজুল ইসলাম জানান, বিএডিসির একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুমি ও ভ্যানচালক মাসুমের মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় জোহরা খাতুনের।
মরদেহ তিনটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন বলে জানান ওসি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, দুজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে আনার পর। আহত দুজন এখন শঙ্কামুক্ত।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, প্রায়শই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। চালকদের বেপরোয়া চলাচল ও গতি এর প্রধান কারণ। তিনি এটি রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
