লক্ষ্মীপুরে ২০ মাস পর জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতা
সৈয়দ আহম্মদ পাটওয়ারী লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার বিকালে লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল।
সৈয়দ আহম্মদ পাটওয়ারী লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার ছেলে তৌহিদুল ইসলাম সিয়াম বলেন, “আব্বু জামিন পেয়েছেন। তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে একাধিক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তিন দফায় জেল গেইট থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল।
“সবশেষ বৃহস্পতিবার রামগঞ্জ থানায় আগুন দেওয়ার ঘটনায় করা একটি মামলায় জামিন পাওয়ার পরও তাকে আবার আটক করা হয়।”
কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, থানা পোড়ানোর মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রামগঞ্জের আরেকটি মামলায় তাকে সাক্ষী হিসেবে দেখানো হয়। পরে আদালত তাকে আটক দেখাননি। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পান।
২০২৪ সালের ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার এবং সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় আলাদা দুটি মামলা করেন।
এ ছাড়া পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে সদর মডেল থানার এসআই আনবিক চাকমা ১২ অগাস্ট আরেকটি মামলা করেন। এসব মামলায় সৈয়দ আহম্মদ পাটওয়ারী এজাহারভুক্ত আসামি ছিলেন।
