২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ অর্জন: তিতাস গ্যাসের কর্মচারীর ৩ স্ত্রীর জেল-জরিমানা

তিন মামলায়ই দ্বিতীয় আসামি হিসেবে তিতাসের ওই কর্মচারীকে খালাস দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 11:26 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় তিতাস গ্যাসের এক কর্মচারীর তিন স্ত্রীকে জেল-জরিমানা করেছে কুমিল্লার একটি আদালত। 

একইসঙ্গে তাদের অবৈধভাবে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।     

রোববার দুপুরে কুমিল্লার বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামসুন্নাহার এ রায় ঘোষণা করেন বলে সন্ধ্যায় দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক জানান।

মামলার নথির বরাতে ফজলুল হক জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্মচারী মো. জহিরুল ইসলাম ঢাকা অফিসে এমএলএসএস পদে কর্মরত। জহিরুল কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। 

তার দণ্ডপ্রাপ্ত তিন স্ত্রী হলেন- মোসা. সেলিনা আক্তার, মোসা. আকলিমা আক্তার ও মোসা. আছমা আক্তার। তাদের যথাক্রমে ৩, ৪ ও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই গৃহিনী। 

ফজলুল হক জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি জহিরুল ইসলামের স্ত্রী মোসা. সেলিনা আক্তারের বিরুদ্ধে ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক, কুমিল্লা। 

রোববার ওই মামলার ঘোষিত রায়ে সেলিনাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে অর্জিত সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়। 

একইদিনে ৩৪ লাখ ৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা মামলায় জহিরুলের আরেক স্ত্রী মোসা. আকলিমা আক্তারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে অর্জিত টাকার সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

জহিরুলের তৃতীয় স্ত্রী মোসা. আছমা আক্তারের বিরুদ্ধে একই দিনে ৫১ লাখ ৯৯ হাজার ৮৩১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। 

এই মামলার রায়ে আছমাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে অর্জিত সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

তাদের অর্থদণ্ডের টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার রায় দিয়েছে আদালত।

দুদক কর্মকর্তা ফজলুল হক আরও জানান, তবে সব মামলার দ্বিতীয় আসামি মো. জহিরুল ইসলামকে খালাস দিয়েছে আদালত।