২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জয়ন্তী: কুঠিবাড়িতে সাজ সাজ রব

“এবারের ২৫শে বৈশাখ জাতীয় ভাবে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এটা জেলাবাসীর জন্য পারম পাওয়া ও গৌরবের বটে।”

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 05:54 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিনদিনের বার্ণাঢ্য অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করেছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় এরইমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুঠিবাড়ির রবীন্দ্র মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি এ আয়োজনের উদ্বোধন করেন।

এ সময় মঞ্চে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মাদ নসরুল্লাহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক ও অধ্যাপক মনসুর মুসা এ সময় উপস্থিত ছিলেন। পরে আালোচনা সভায় বক্তব্য দেন তারা।   

জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে জাতীয় ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ আয়োজনকে ঘিরে রবীন্দ্র প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুঠিবাড়ি প্রাঙ্গণ।

এবারের আয়োজনে কুঠিবাড়ির মূল মঞ্চে প্রতিদিনই আলোচনা সভার পাশাপাশি রবীন্দ্র সংগীত, কবিতা আবৃতি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করা হবে। এ উপলক্ষে কুঠিবাড়ি চত্বরে বসেছে বিশাল গ্রামীণ মেলা। ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’- প্রতিপাদ্যে অনুষ্ঠান চলবে ১০ মে পর্যন্ত। 

‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ বলেন, “এবারের ২৫শে বৈশাখ জাতীয় ভাবে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এটা জেলাবাসীর জন্য পারম পাওয়া ও গৌরবের বটে। সত্যিই বর্তমান দেশব্যাপী বিদ্যমান বাস্তবতায় রবীন্দ্রনাথ ও বাংলাদেশ বিষয়টি একেবারেই অভিন্ন সত্ত্বা হিসেবে খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

“প্রতিদিন নাগরিক জীবনে যে সংকটময় পরিস্থিতি অতিক্রম করছি, যত অন্ধকারই আসুক তা সবই কেটে যাবে রবীন্দ্র সাহিত্য ও শিল্প চেতনায় উদ্ধুদ্ধ হতে পারলে। অনেক জটিল ও কুটিল অন্ধকারও কেটে যাওয়ার পাশাপাশি সংঘাতময় নাগরিক জীবনেও শান্তির সুবাতাস বয়ে যাবে।”

স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে বেড়াতে আসা রবীন্দ্রভক্ত গৌতম কুমার রায় বলেন, “নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বার বার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহে কবির জীবনের বেশকিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়া তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ করা আছে সেসব দিনের নানা স্মৃতি।”

তিনি বলেন, “এবারে কুঠিবাড়িতে জাতীয়ভাবে তিনদিনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে সেই কুঠিবাড়িতে এবারের আয়োজনকে ঘিরে রবীন্দ্র প্রেমীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”

কুঠিবাড়ীতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত সমস্ত জিনিস রক্ষণাবেক্ষন, অবকাঠামো উন্নয়নসহ আরও জাঁকজকমপূর্ণভাবে কবির জন্মবার্ষিকির অনুষ্ঠান পালন করার দাবি জানান তিনি।

কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল-আমীন হোসেন বলেন, “সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ব বিভাগের সহযোগিতায় কুঠিবাড়িতে তিনদিনের জাতীয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। অনুষ্ঠানকে সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

“এবারের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্র সংঙ্গীত ও নাটক প্রদর্শনী। কুঠিবাড়ি চত্বরে গ্রামীণ মেলায় নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।”

দর্শনাথীদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি কুঠিবাড়িকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি এ কর্মকর্তার।