২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচন: বরগুনায় চেয়ারম্যান পদের দৌড়ে ৬ জন

বরগুনা জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ছয় জন সাধারণ সদস্য ও দুই জন সংরক্ষিত (নারী) সদস্য নির্বাচিত হবেন।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 09:07 PM

Updated : 04 Sep 2022, 09:07 PM

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই প্রার্থী হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের আগ্রহ দেখা যাচ্ছে না।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এখানে ভোট গ্রহণ হবে। ছয়টি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে এই জেলা পরিষদ গঠিত। হিসাব অনুযায়ী নির্বাচনে মোট ভোটার ৬১৬ জন। ভোটে একজন চেয়ারম্যান, ছয় জন সাধারণ সদস্য ও দুই জন সংরক্ষিত (নারী) সদস্য নির্বাচিত হবেন।

তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বেশ কয়েকজন জেলা নেতা দলের মনোনয়ন লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে ছয় জনের নাম বেশি আলোচিত হচ্ছে।

নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির।

এরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা এবং সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন হিমু মোল্লা।

মো. দেলোয়ার হোসেন ২০০১ সালে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি বলেন, “কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দিলে আবারও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব।”

বরগুনা মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. জাহাঙ্গীর কবির। প্রায় তিন দশক ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগেও তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ইতোমধ্যেই জেলা আওয়ামী লীগের ‘একটি অংশের সমর্থন লাভ করেছেন’ বলে দাবি করেন বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, “একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। দলীয় মনোনয়ন না দেওয়া হলেও আমি কখনও দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হইনি। সব সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি। এবার দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান হতে চাই।”

মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের পর কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল মোতালেব মৃধা। বঙ্গবন্ধু হত্যার পর বরগুনায় প্রতিবাদকারীদের মধ্যে তিনি অন্যতম। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় রাজনীতির পাশাপাশি স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় কর্মরত আছেন তিনি।

আবদুল মোতালেব মৃধা বলেন, “আমি আওয়ামী লীগের একজন পরীক্ষিত কর্মী। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করেছি। সারাটা জীবন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছি। একজন পরীক্ষিত কর্মী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবো আশা করি।”

দুইবার বরগুনা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আইনজীবী মো. শাহজাহান। আইন ব্যবসার পাশাপাশি তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয়। জেলার বিভিন্ন উন্নয়নমুখী আন্দোলন সংগ্রামে দৃঢ় ভূমিকা রয়েছে এই বীর মুক্তিযোদ্ধার।

মো. শাহজাহান বলেন, “১২ বছর বরগুনা পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। গত পৌরসভা নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজের পক্ষে কাজ করেছি।”

১২ বছর বরগুনা পৌরসভার দায়িত্ব পালন করলেও তার ‘সম্পদ বাড়েনি’ দাবি করে তিনি বলেন, “একজন দুর্নীতিমুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাই।”

জেলা আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা দীর্ঘদিন ধরে জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করেছেন বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও।

সর্বসাধারণের কাছে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, “আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম। পরেরবার আমাকে মনোনয়ন না দিলেও আপন ভাগ্নের পক্ষে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি। একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে এবার দলীয় মনোনয়ন চাই।”

জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন হিমু মোল্লা পারিবারিক সূত্রেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাবা প্রয়াত জালাল উদ্দিন মোল্লা ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা।

জিয়াউদ্দিন হিমু ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা হিসেবে সুনামের সাথেই নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সুপ্রীম কোর্টের এই আইনজীবী একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতাও। বরগুনা প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হন ১৯৯২ সালে।

জিয়াউদ্দিন হিমু মোল্লা বলেন, “আমার বাবা জালাল উদ্দিন মোল্লা মৃত্যুর আগ পর্যন্ত নিজের টাকা দিয়ে দলীয় প্রোগ্রাম করেছেন। দলকে সংগঠিত করেছেন। আমিও ছাত্রলীগ, যুবলীগ করেছি। এখন আওয়ামী লীগ করছি। এবার জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশা করি।”

এছাড়াও বেশ কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে।

নির্বাচন নিয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম ফারুক মোল্লা বলেন, “দেশে গণতন্ত্র নেই। গত জাতীয় সংসদ নির্বাচনে রাতে ভোট কেটেছে আওয়ামী লীগ। প্রহসনের নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না।”

জেলা পরিষদের নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরগুনা জেলার সভাপতি আলতাফ হোসেন।