Published : 21 Jul 2026, 06:57 PM
পোলট্রি মুরগি ও ডিমের ন্যায্যমূল্য না পাওয়ায় নরসিংদীর শিবপুরে মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন খামারি ও ডিলাররা।
পাশাপাশি বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানিয়েছেন তারা।
নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এই প্রতিকী প্রতিবাদ জানানো হয়।
এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ীরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘পোলট্রি খামার বাঁচাও, পোলট্রি ব্যবসায়ী বাঁচাও’, ‘মুরগী ও ডিম উৎপাদনের খরচ বেশি এবং বিক্রয় মূল্য কম’, ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’ এমন নানা দাবিসংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রতিবাদ সভায় নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক বলেন, “পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ঔষধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, বাজারে মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে উৎপাদকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), বলেন, “পোলট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন, এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অ্যাসোসিয়েশনের শিবপুর উপজেলা সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ব্যবসায়ী রাসেল মুন্সি।