২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে প্রথম দুই ঘণ্টায় ৬ বুথে একটিও ভোট পড়েনি

“এখানে ভোটের আগেই বিজয় নিশ্চিত থাকায় ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে তেমন আগ্রহ নেই।”

ফুলগাজীতে প্রথম দুই ঘণ্টায় ৬ বুথে একটিও ভোট পড়েনি
ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2024, 12:56 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোটগ্রহণ চলছে। 

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে উপজেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় একটি ভোটও পড়েনি। 

সরেজমিনে কেন্দ্রটি ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটারদের জন্য নির্ধারিত সারিতে ভোটার দেখা যায়নি। কেন্দ্রে মোট নয়টি বুথের মধ্যে দুই ঘণ্টায় উত্তর শ্রীপুর গ্রামের তিনটি বুথে তিনটি ভোট পড়েছে। অন্য ছয়টি বুথে একটি ভোটও পড়েনি। 

ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নয়ন দেবনাথ বলেন, এই কেন্দ্রে তিন গ্রামের মোট ৩ হাজার ৮৪৬ ভোটার রয়েছে। দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর ও বিজয়পুর গ্রামের ভোটাররা নয়টি বুথে ভোট দিচ্ছেন। 

“সকালে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে আশা করি।”

ওই কেন্দ্রের মতো কমবেশি প্রায় সব কেন্দ্রেই একই চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি।

দিলদাল হোসেন নামে এক ভোটার বলেন, “ফুলগাজী উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার বিজয়ী হবেন। অপর প্রার্থী মূল প্রার্থীর দলীয় কর্মী। ভোটের আগেই বিজয় নিশ্চিত থাকায় ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে তেমন আগ্রহ নেই।” 

এ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও তেমন কাউকেই ভোটের মাঠে দেখা যায়নি। 

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৫৪ হাজার ৭৬০ জন পুরুষ এবং ৫০ হাজার ৯১১ জন নারী ভোটার রয়েছেন। 

নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রের ২৪৪ বুথে ভোটগ্রহণ চলছে। উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দুইটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

একক প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবখানেই সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।