Published : 01 Jul 2026, 07:26 PM
রাজশাহী বাংলাদেশের অন্যতম শান্তিপূর্ণ, নিরাপদ, সবুজ ও শিক্ষানগরী; এ অবস্থান ধরে রাখতে পুলিশ বাহিনীকে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বুধবার রাজশাহী মহানগর পুলিশের সদরদপ্তরে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। এ লক্ষ্য বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিকে সামনে রেখে আগামী দিনে ভালো মানুষের জন্য আরও নিরাপদ রাজশাহী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, আজ থেকে ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মহানগর পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং আরএমপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে আরএমপি সদরদপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন
পরে দুপুরে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তিনি পার্কের রেস্ট হাউজ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূঁড়া গাছের চারা রোপণ করেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা উপস্থিত ছিলেন।