Published : 16 Apr 2026, 07:55 PM
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর উপজেলার পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে নয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ড পাওয়ারা হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮) এবং রবিউল (১৮)। তারা শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মিজানুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, একটি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর সদরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার দল ও নৌ-পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
আদালতে দুইজনকে তিন মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে এক মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা।