১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাবনায় নিখোঁজের ৫ দিন পরও মেলেনি শিশুর সন্ধান

বাড়ি থেকে ২০০ গজ দূরে শিশুটির জুতো পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:05 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। 

শিশুটিকে দ্রুত উদ্ধার ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

কামরুন্নাহার কলি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

স্বজনরা বলেন, বুধবার বিকালে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়ি ফিরে কেনাকাটার ব্যাগ মায়ের হাতে বুঝিয়ে দিয়েই বাড়ির পাশে খেলতে যায় সে। 

তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর ঘরে ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে তার জুতো জোড়া পড়ে থাকতে দেখা গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। 

এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ শিশুটিকে উদ্ধার করতে পারেনি। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তাকে দ্রুত উদ্ধারে প্রযুক্তির সহায়তাসহ পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।