২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধানের শীষে ভোট দেওয়ায় নারীদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগ’

মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক নারী সমাবেশে তিনি একথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে নারীদেরকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ‘ধর্ষণ করেছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

তিনি বলেছেন, “আওয়ামী লীগ আমলে নারীদের কোনো মান-সম্মান ছিল না। আমরা দেখেছি, ছাত্রলীগ-যুবলীগের হাতে আমাদের মা-বোনরা কীভাবে নির্যাতিত হয়েছেন।”

রোববার বিকালে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহিলা দল আয়োজিত এক নারী সমাবেশে তিনি একথা বলেন।

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন বলেন, “২০০৮ সালের পাতানো-সাজানো নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা। এরপর খুন, গুম, অন্যায়-অত্যচার ও হামলা-মামলা করে দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খাদের কিনারে দাঁড় করিয়েছে।”

এ সময় অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের কথা বর্ণনা করে তার জন্য দোয়া প্রার্থনা করেন খায়রুল কবির খোকন। 

পরে সেখানে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।  

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধূরী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ।